শেষরাত থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামি ২৪ ঘণ্টায় সারা দেশে রাত-দিনের তাপমাত্রা কমতে পারে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বার্তায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বুধ ও বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এই তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
0 মন্তব্যসমূহ